মুক্তমন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করা হলে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর রেলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্রলিটি সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।
এদিকে লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ। আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Muktomon/TA