মুক্তমন রিপোর্ট : প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী হিসেবে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানের একজন নভোচারী। তিনি চীনের পরবর্তী মানববাহী মহাকাশ মিশন ‘শেনঝৌ-২৪’-এর ক্রুদের সঙ্গে মহাকাশে পাড়ি জমাবেন। শনিবার (৭ নভেম্বর) চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ একটি চুক্তি সই করে। ওই চুক্তির আওতায় পাকিস্তানি নভোচারীদের জন্য চীনে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়।
চীনের ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, পাকিস্তানের ওই নভোচারী ‘শেনঝৌ-২৪’ মিশনের ক্রুদের সঙ্গে মহাকাশে যাবেন। তবে মিশনটির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। চলতি বছরের শেষ দিকে এটি পরিচালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিএমএসএর তথ্য অনুযায়ী, পাকিস্তানি নভোচারীটি পে-লোড স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি স্বল্প সময়ের জন্য কক্ষপথে অবস্থান করবেন। তবে পৃথিবীতে ফেরার বিষয়ে সংস্থাটির প্রকাশিত তথ্যের সঙ্গে মিশনের ক্রমসংক্রান্ত কিছু অস্পষ্টতা রয়েছে।
চীনা মহাকাশ সংস্থা এখনো ওই নভোচারীর নাম প্রকাশ করেনি। তবে গত এপ্রিলে সংস্থাটি জানিয়েছিল, মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ নামের দুই পাকিস্তানি নভোচারীকে চীনে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।
গত কয়েক বছরে মহাকাশ কর্মসূচিতে ব্যাপক বিনিয়োগ করেছে চীন। দেশটি ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। মহাকাশ গবেষণায় পাকিস্তানকে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচনা করে বেইজিং।
২০২৫ সালের চুক্তি অনুযায়ী, চীনে প্রশিক্ষণ শেষে পাকিস্তানি নভোচারীরা পরবর্তী কয়েক বছরে চীনা নভোচারীদের সঙ্গে স্বল্পমেয়াদি বিভিন্ন মহাকাশ মিশনে অংশ নেবেন বলে সে সময় জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
সূত্র : দ্য ডেইলি স্টার
Muktomon/TA