কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় জাহাজে আগুন

কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর আগুনে জ্বলছে তেলবাহী জাহাজ
কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর আগুনে জ্বলছে তেলবাহী জাহাজ

মুক্তমন রিপোর্ট : কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়লে সেখান থেকে ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের সোচি শহরের কাছাকাছি সাইরিয়াস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে একটি নৌ ড্রোন আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন এবং সবাই ভারতীয় নাগরিক। কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুনের মধ্যেই নাবিকদের উদ্ধার করে।

নাবিকদের উদ্ধারের পর রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে জাহাজটি থেকে আগুন ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

ঘটনার পর সাইরিয়াস এলাকার সব সমুদ্রসৈকতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে বিভিন্ন প্রতিবেদনে হামলার জন্য ইউক্রেনের দিকে সন্দেহের ইঙ্গিত করা হয়েছে। জাহাজটি রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে যুক্ত থাকায় এর আগে ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হামলার সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

Muktomon/TA