মুক্তমন রিপোর্ট : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশের অন্তত ২০টি দোকানও পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
তিনি জানান, আগুনে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হয়নি।
স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ঝলমল সিনেমা হলটি। ঐতিহাসিক একটি জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল সিনেমা হলটি।
Muktomon/TA