পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৩

পত্নীতলায় অভিযানে উদ্ধার করা চোলাই মদ তৈরির ওয়াশ ও উপকরণ
পত্নীতলায় অভিযানে উদ্ধার করা চোলাই মদ তৈরির ওয়াশ ও উপকরণ

মোকছেদুল ইসলাম : নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

গ্রেপ্তাররা হলেন—পত্নীতলা থানার বদলপুর গ্রামের বান্দন (৪৫), তাঁর ছেলে সুজিত (২১) এবং একই এলাকার গংগার ছেলে রহিন (৩৬)।

পুলিশ জানায়, অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

পরে উদ্ধার করা ওয়াশ, চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি 

Muktomon/TA