মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও চারটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী।
হুথি মুখপাত্রের দাবি, বুধবার ভোরে সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়। হামলার কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।
একই সময়ে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি সেনাঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া সারী।
এ ছাড়া জাজান প্রদেশের জিজানের দাঘারি ও আল-মাউসিম সেনাঘাঁটি এবং আসির প্রদেশের আনকিফাহ সেনাঘাঁটিতেও হামলার দাবি করেছে হুথি বাহিনী। এসব হামলায় সামরিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হুথি মুখপাত্রের হামলার দাবি নিয়ে সৌদি কর্তৃপক্ষ সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে ধ্বংস করা হয়।
আল-মালিকি আরও দাবি করেন, জোটের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের একটি কেন্দ্র শনাক্ত করা হয়েছে। ওই স্থাপনার ওপর নজরদারি চলছে এবং সেটি ধ্বংস করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি
Muktomon/TA