‘অপলক’ সিনেমায় মেহজাবীন ও আফরান নিশো

‘অপলক’ সিনেমার চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নির্মাতা আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।
‘অপলক’ সিনেমার চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নির্মাতা আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।

বিনোদন ডেস্ক : নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘অপলক’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ও অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করেন নির্মাতা।

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী সম্পর্কে স্বামী-স্ত্রী। দীর্ঘদিন ধরে শোবিজে কাজ করছেন দুজনই। মেহজাবীনের সিনেমায় অভিষেক হলেও আদনানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে এটিই প্রথম উদ্যোগ।

এর আগে গুঞ্জন উঠেছিল, আদনানের প্রথম সিনেমায় নায়ক হিসেবে থাকবেন সিয়াম আহমেদ। তবে শেষ পর্যন্ত ‘অপলক’-এ যুক্ত হয়েছেন আফরান নিশো।

নিশো ও মেহজাবীন ছোট পর্দার পরিচিত জুটি। একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন তাঁরা। ভিকি জাহেদের নির্মাণে ‘পুলসিরাত’ সিনেমাতেও তাঁদের একসঙ্গে অভিনয়ের কথা রয়েছে। এবার আদনান আল রাজীবের সিনেমায়ও জুটি হচ্ছেন তাঁরা।

চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে আদনান জানান, ‘অপলক’ তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি নিয়ে পুরো দলের স্বপ্ন ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা একটি সরল, আন্তরিক ও দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো রোমান্টিক চলচ্চিত্র নির্মাণ করতে চান। এতে দর্শক ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন বলে আশা তাঁর।

সিনেমাটি নিয়ে প্রত্যাশা জানিয়ে আদনান আরও বলেন, যে মায়া নিয়ে তাঁরা ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন, সেই অনুভূতি দর্শকের কাছেও পৌঁছাবে বলে তাঁর বিশ্বাস।

অন্যদিকে মেহজাবীনও নিজের ফেসবুক পেজে চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, ‘অপলক’ নির্মাণের জন্য তিনি অপেক্ষায় আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপনচিত্র ও নাটক নির্মাণের মাধ্যমে পরিচিতি পান আদনান আল রাজীব। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় এবং স্পেশাল মেনশন অর্জন করে। এবার তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঘিরে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Muktomon/TA