আদালতে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ পরীমনির

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিত্রনায়িকা পরীমনি।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিত্রনায়িকা পরীমনি।

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করার আহ্বান জানান অভিনেত্রী।

সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর সাংবাদিকদের উপস্থিতিতে পরীমনি ক্যামেরার আলো চোখে ফেলায়ও বিরক্তি প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এই তোমাদের ক্যামেরাতে রেকর্ড আছে না? তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ফুটেজ দেখে খুঁজে বের করবে। সাংবাদিক হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস! চোখে লাইট দেবে না, আমার সমস্যা হচ্ছে।’

এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি গালিগালাজও করেন অভিনেত্রী।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য বুধবার (৪ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমনি। তাঁর আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী।

Muktomon/TA