বিনোদন ডেস্ক : পাঁচ বছর আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন অভিনেত্রী পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি আদালতে যান। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় বার্তা দেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই।’ তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
২০২১ সালে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমনি।
প্রতিবেদন অনুযায়ী, পরীমনির আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
এদিকে অভিনয়ে সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন পরীমনি। এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও অনেকটা শেষ করেছেন অভিনেত্রী।
Muktomon/TA