কাজী কেরামতের জামিন নামঞ্জুর, নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর খবর
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর খবর

মুক্তমন রিপোর্ট : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে গোয়ালন্দ ঘাট থানার একটি মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ১৮ জানুয়ারি ২০২৭ ধার্য করেন।

পরে গোয়ালন্দ ঘাট আমলি আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইনের আদালতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর দায়ের করা গোয়ালন্দ ঘাট থানার একটি মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ২৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।

এর আগে বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন কাজী কেরামত আলী। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান তিনি। এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলে সেখানেও জামিন পান। পরবর্তী সময়ে ৩৬৫/২৪ নম্বর মামলায় তাঁকে আবার গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী আরও জানান, ৩৬৫/২৪ নম্বর মামলায় বৃহস্পতিবার নিয়মিত হাজিরার দিন নির্ধারিত ছিল। তবে এর আগেই বুধবার নতুন আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন কাজী কেরামত আলী। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতিও ছিলেন।

Muktomon/TA