নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে টাকা চুরির অভিযোগ
নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে টাকা চুরির অভিযোগ

গিয়াস রনি : নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মাইজদী শহরের মধুসূদনপুর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে এ চুরির ঘটনা ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান।

পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি কক্ষে ঢুকে কাগজপত্র ছড়ানো-ছিটানো এবং ড্রয়ারের তালা ভাঙা দেখতে পান। পরে সেখানে রাখা ৮ থেকে ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় হাসপাতালের পরিচালক ফারুক আল হুসাইন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী প্রতিনিধি

Muktomon/TA