মুক্তমন রিপোর্ট : পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান আগামী ৬ নভেম্বর ঢাকায় আসছেন। ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ ও ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে তাঁর বাংলাদেশ সফরের কথা রয়েছে। এ আয়োজনে অংশ নিয়ে ভক্তদের সরাসরি তাঁকে দেখার সুযোগ তৈরি হতে পারে।
রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী এই আয়োজন। এতে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের সংস্কৃতি, পোশাক ও বিভিন্ন খাবার তুলে ধরা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবের প্রথম দিন থেকে বিলাল আব্বাস উপস্থিত থাকবেন না। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে তাঁর থাকার কথা রয়েছে। ফলে ওই সময় আয়োজনে অংশ নেওয়া দর্শকেরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন।
‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের মধ্যেও নতুন করে আলোচনায় এসেছেন বিলাল আব্বাস খান। তাঁদের জুটির জনপ্রিয়তার কারণে অভিনেতার আসন্ন ঢাকা সফর ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিলাল আব্বাসের উপস্থিতি ঘিরে উৎসবে দর্শকদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা, ছবি তোলা কিংবা অটোগ্রাফ নেওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
Muktomon/TA