রাফি আলমের নতুন গান ‘ঋণী’ প্রকাশ

রাফি আলমের নতুন মৌলিক গান ‘ঋণী’র মিউজিক ভিডিওর দৃশ্য।
রাফি আলমের নতুন মৌলিক গান ‘ঋণী’র মিউজিক ভিডিওর দৃশ্য।

মুক্তমন রিপোর্ট : গায়ক, গীতিকার ও সুরকার রাফি আলমের নতুন মৌলিক গান ‘ঋণী’ প্রকাশিত হয়েছে। গত শুক্রবার গানটির পাশাপাশি প্রকাশ করা হয়েছে মিউজিক ভিডিও। আধুনিক সফট রক ঘরানার গানটিতে ভালোবাসার সম্পর্কে আবেগ, ত্যাগ ও প্রাপ্তির অসম হিসাব তুলে ধরা হয়েছে।

সম্পর্কে দুজন মানুষের ভালোবাসা সব সময় সমান হয় না। কখনো একজন অন্যজনের চেয়ে বেশি ভালোবাসেন, বেশি দেন কিংবা নিজের অজান্তেই বেশি ত্যাগ স্বীকার করেন। এমন না বলা অনুভূতি ও ভালোবাসার অদৃশ্য হিসাব নিয়েই তৈরি হয়েছে ‘ঋণী’।

গানটি প্রসঙ্গে রাফি আলম বলেন, “ভালোবাসা সবসময় সমান হয় না। অনেক সময় একজন অন্যজনের চেয়ে একটু বেশি ভালোবাসে, বেশি দেয়, অথচ বিনিময়ে কী পেল, সেই হিসাব রাখে না। এই ভাবনা থেকেই ‘ঋণী’ গানটির জন্ম।”

গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন রাফি আলম। রাফি আলম ও আর এস রাজী যৌথভাবে এর কথা লিখেছেন। সংগীতায়োজন, প্রযোজনা, মিক্সিং ও মাস্টারিং করেছেন রাফির ব্যান্ডের সহশিল্পী আফ্রেডি আলম রুদ্র।

গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হার্পার্স ফেরিতে। গানের আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওটির চিত্রগ্রহণ করেছে আরপি ভিজ্যুয়ালস। সম্পাদনা ও ভিডিও প্রযোজনায় ছিলেন রিদম নাথ।

মেলোডিনির্ভর মৌলিক বাংলা গানের জন্য পরিচিত রাফি আলম আধুনিক রক, পপ রক ও ইন্ডি রক ঘরানায় গান তৈরি করেন। তাঁর প্রকাশিত অন্যান্য গানের মধ্যে রয়েছে ‘দেখেও কি দেখোনা’, ‘পালিয়ে যাই’, ‘তোমার নেশা’ ও ‘ছোট্ট এ জীবনে’।

বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মঞ্চেও সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

‘ঋণী’ গানের মিউজিক ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে। এ ছাড়া স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিশ্বের বিভিন্ন প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।

Muktomon/TA