মুক্তমন রিপোর্ট : জন্মদিনে নতুন সিনেমার খবর দিয়ে ভক্তদের চমকে দিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তার নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। তারেক রহমান পরিচালিত ছবিটি নির্মিত হচ্ছে একটি সার্ভাইভাল স্টোরিকে কেন্দ্র করে।
‘ফারজানা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক ক্রাইম রিপোর্টারের স্ত্রীকে ঘিরে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে শুরু হয় ওই নারীর জীবনসংগ্রাম ও টিকে থাকার লড়াই।
সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়ে কীভাবে একজন নারী নিজের সংসার ও জীবন রক্ষার পথ খুঁজে ফেরেন, সেই টানাপোড়েনই উঠে এসেছে সিনেমাটির চিত্রনাট্যে।
পরিচালক তারেক রহমান এর আগে বেশ কয়েকটি প্রশংসিত নাটক নির্মাণ করেছেন। তবে ‘ফারজানা’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিনেমাটি নিয়ে পরীমনি গণমাধ্যমকে জানান, প্রকল্পটির পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগে। প্রায় ছয় মাস আগেই ছবিটির লুক চূড়ান্ত করা হয়। তবে পরবর্তী সময়ে নানা জটিলতা ও শিডিউল সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্টদের আশা, বর্তমানে শুটিং শেষের পথে থাকা সিনেমাটি শিগগিরই মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে যাবে।
Muktomon/TA