মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে এ অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন আট কার্যদিবস চলার সম্ভাবনা রয়েছে। এতে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে আলোচনা হতে পারে।
এবারের অধিবেশনে সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের বিষয়গুলো রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পেতে পারে। এসব বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকায় সংসদে আলোচনা ও বিতর্কের সম্ভাবনা রয়েছে।
রোববার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা ও কার্যসূচি চূড়ান্ত করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংসদের জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া অন্যান্য মন্ত্রীদের জন্য জমা হয়েছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন।
অধিবেশনে সরকারি বিল উত্থাপন ও আলোচনা, সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের ওপর সাধারণ আলোচনাসহ নিয়মিত সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই।
অধিবেশন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়।