মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবীরা। ২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর তাঁর পক্ষ থেকে এ ধরনের এটিই প্রথম যোগাযোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের হাতে আসা চিঠির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলেও রয়টার্সকে জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে যান। ২০২৫ সালের নভেম্বরে অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির অধীনে থাকা বাধ্যবাধকতার বিষয়ও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
সূত্র : দ্য ডেইলি স্টার, রয়টার্স
Muktomon/TA