মুক্তমন রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এ উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ৫৬ বছরের পথচলায় চুনতির এ মাহফিল স্থানীয় গণ্ডি ছাড়িয়ে দেশের অন্যতম বৃহৎ সীরাত মাহফিলে পরিণত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নিচ্ছেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, সাম্য, ন্যায়, ইনসাফ ও মানবিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন আলেম-ওলামারা। পাশাপাশি ইসলামী শিক্ষা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে ন্যায়, ইনসাফ, মানবিকতা এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “ইসলাম ও ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এ দেশের মানুষকে সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না।”
তিনি আরও বলেন, আলেম-ওলামা, তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন, মর্যাদাশীল ও ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
নাসীরুদ্দীন পাটওয়ারী আশা প্রকাশ করেন, চুনতির ঐতিহাসিক সীরাত মাহফিল প্রজন্ম থেকে প্রজন্মে মহানবী (সা.)-এর আদর্শ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে।