ঝোড়ো বাতাসে জামালপুরে গাছপালা উপড়ে সড়ক বন্ধ

বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে ঝড়ে উপড়ে পড়া গাছ
বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে ঝড়ে উপড়ে পড়া গাছ

মুক্তমন রিপোর্ট : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হঠাৎ ঝোড়ো বাতাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রবল বাতাসে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। এতে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বসতবাড়ি ও স্থাপনা। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা, টাংগারিপাড়া, মোড়ারপাড়া, গোপালপুর, ধারারচরসহ বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, আকস্মিক ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। একই সঙ্গে বেশ কিছু বসতবাড়ির চাল ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের বিভিন্ন অংশে গাছ পড়ে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নয়ামিয়ার বাজার এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, বিকেলের দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই সড়কের ওপর অসংখ্য গাছ পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাসান আলী বলেন, ঝোড়ো বাতাসে বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর কাজ করছে। দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Muktomon/TA