মুক্তমন রিপোর্ট : সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র অভিনেত্রী—এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন শবনম বুবলী। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি এবার সিনেমার গানে কণ্ঠ দেবেন তিনি। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার একটি গানে প্লেব্যাকের মাধ্যমে এই যাত্রা শুরু হচ্ছে তাঁর।
গত রোজার ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে নিজের গায়কী প্রতিভার পরিচয় দিয়েছিলেন বুবলী। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিনেমার জন্য গান গাইতে যাচ্ছেন অভিনেত্রী।
পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, গানটি নিয়ে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁর সম্মতিও পাওয়া গেছে। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। আগামী ডিসেম্বরে গানটির রেকর্ডিং করার পরিকল্পনা রয়েছে।
নির্মাতা জানান, সিনেমার শুটিংয়ের সময় গানটির ডেমো শুনে বুবলীর ভালো লাগে। এরপর তাঁকে গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিলে তিনি সম্মতি জানান।
পুরান ঢাকার জীবনযাপন, সমাজ ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের গল্পের ভেতর দিয়ে এতে উঠে আসবে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য। সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির একসঙ্গে চতুর্থ সিনেমা এটি। আরও রয়েছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
অন্যদিকে অভিনয় ও গানের বাইরে প্রযোজনাতেও যুক্ত হয়েছেন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্মাণ করেছেন মুরসালিন সরকার। সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের জন্য। আগামী ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে উৎসবটির।