মুক্তমন রিপোর্ট : সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে নতুন ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই প্রতিযোগিতার মূল মুকুট জিতেছেন তিনি। তবে তার পরিচয় কেবল বিশ্বসুন্দরীর খেতাবেই সীমাবদ্ধ নয়; মনোবিজ্ঞান ও সমাজকর্মে উচ্চশিক্ষিত জেনিফার দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে কাজ করছেন।
পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয় এবারের মিস ইউনিভার্সের মূল আয়োজন। দেশটির কলিসেও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট ভেন্যুতে ১১৬ দেশের প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফারের মাথায় ওঠে বিজয়ীর মুকুট। বিদায়ী মিস ইউনিভার্স ২০২৫, মেক্সিকোর ফাতিমা বশ তাকে মুকুট পরিয়ে দেন।
২৭ বছর বয়সী জেনিফারের এই জয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের শিরোপা পেল পুয়ের্তো রিকো। দেশটির ইতিহাসে এটি ষষ্ঠ মুকুট। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব অর্জন করেন।
জেনিফার মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সমাজকর্মেও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং মানসিক আঘাত মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণও রয়েছে তার।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ কর্মজীবন শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা এবং সেনাসদস্যদের পরিবারের কল্যাণে কাজ করেন। পরবর্তী সময়ে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ব্যক্তিজীবনে জেনিফার বিবাহিত এবং এক কন্যাসন্তানের মা। তার স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট। তাদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপে।
উল্লেখ্য, ২০২৩ সালে মিস ইউনিভার্সের নিয়মে পরিবর্তন আনা হয়। এর ফলে বিবাহিত নারী ও মায়েদেরও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়। সেই পরিবর্তনের পর প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার। তার এই অর্জন সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।