দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণে সমীক্ষা

 দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা

মুক্তমন রিপোর্ট : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত করতে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজিরহাটকে যুক্ত করে ওয়াই আকৃতিতে নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় যমুনা সেতুর স্থান এখনো চূড়ান্ত হয়নি।

সেতু বিভাগ সূত্র জানায়, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার বিকল্প যোগাযোগ তৈরি হবে। একই সঙ্গে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমতে পারে।

দ্বিতীয় যমুনা সেতুর জন্য জামালপুর, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রামের কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে দেওয়ানগঞ্জ-বালাসী এবং মাদারগঞ্জ-সারিয়াকান্দি পথ দুটি বেশি আলোচনায় রয়েছে। চিলমারী-রৌমারী পথও বিবেচনায় আছে।

সেতু বিভাগের সচিব আবদুর রউফ জানান, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে। তখন সেতুর অবস্থান, নকশা ও ব্যয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠকে দ্বিতীয় পদ্মা, দ্বিতীয় যমুনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Muktomon/TA