সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

 রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ি।
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ি।

মুক্তমন রিপোর্ট : রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি মোটরসাইকেলে আসা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। পরে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে চলে যায়। তাঁদের স্থানীয় বাসিন্দা বলে মনে হয়নি; বহিরাগত বলে ধারণা হয়েছে তাঁর।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে তেমন কিছু পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারিও শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাড়িটিতে কেউ বসবাস করেন না।

Muktomon/TA