ঢাকা-পাবনা ট্রেন চালু, রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ

ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করছেন রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করছেন রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

মুক্তমন রিপোর্ট : প্রায় ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল। একই সঙ্গে দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও যাত্রার মান উন্নয়নে সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ঢাকা-পাবনা ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফিতা কেটে উদ্বোধনের পর বিকেল ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পাবনা প্রভাতী এক্সপ্রেস।

রেলমন্ত্রী বলেন, পাবনাবাসীর জন্য এটি আনন্দের মুহূর্ত। এ পথে ট্রেনযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী দিনে রেলের মান, সেবা ও যাত্রার নিরাপত্তা আরও উন্নত করার অঙ্গীকারও করেন তিনি।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে চলাচল করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ও ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। ঢাকা থেকে পাবনার উদ্দেশে গোধূলি এক্সপ্রেস বিকেল ৩টা ২৫ মিনিটে এবং পাবনা থেকে ঢাকার উদ্দেশে প্রভাতী এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে পাবনাবাসীর দাবি ছিল সরাসরি ট্রেন যোগাযোগ চালুর। নতুন এই রেলসেবা চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।

Muktomon/TA