শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় মোবাইল জব্দ

 শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির জব্দ করা ১২টি ভারতীয় মোবাইল ফোন
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির জব্দ করা ১২টি ভারতীয় মোবাইল ফোন

মুক্তমন রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের পশ্চিম পাড়ায় এ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। নায়েক সুশীল চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দ করা মোবাইল ফোনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বাহিনীর সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Muktomon/TA