গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক ৭ দিনের রিমান্ডে

 গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে নেওয়া ভারতীয় নাগরিক রবিউল ইসলাম
গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে নেওয়া ভারতীয় নাগরিক রবিউল ইসলাম

মুক্তমন রিপোর্ট : গুপ্তচরবৃত্তির অভিযোগে করা মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও রিমান্ড আবেদনের তথ্য অনুযায়ী, রবিউল ইসলামের বিরুদ্ধে দ্য অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর ধারায় মামলা করা হয়েছে। ডিবির রমনা বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এর আগে রাজধানীতে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে টিএফআই সেলের মাধ্যমে তাকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় রবিউলের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের অমিল পাওয়া গেছে। পাসপোর্টে তার জন্মস্থান সৌদি আরবের রিয়াদ উল্লেখ করা হলেও তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে আরও দাবি করা হয়, রবিউল গত ১০-১২ বছরে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন। তিনি পর্যটন ও ব্যবসার আড়ালে গুপ্তচরবৃত্তি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করছিলেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রবিউল। ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে অবস্থান করে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিষিদ্ধ এলাকার ছবি তোলা এবং স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার তদন্তে তিনি কোনো বড় চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না এবং অভিযোগের অন্যান্য বিষয় যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতে জানায় পুলিশ।

এর আগে ২৩ সেপ্টেম্বর রবিউলকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর তাকে ফের রিমান্ডে পাঠানো হয়েছিল।

Muktomon/TA