রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামবাহী লরি
কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামবাহী লরি

মুক্তমন রিপোর্ট : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন চালান পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালানটি নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুপুরের দিকে প্রকল্প এলাকায় পৌঁছায়।

ইউরেনিয়াম পরিবহনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এর আগে শনিবার সকালে তিনটি বিশেষ লরিতে করে ইউরেনিয়ামবাহী বহরটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয়।

এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সড়কপথে জ্বালানি রূপপুরে নেওয়া হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহের পাশাপাশি দ্বিতীয় ইউনিটের জন্যও পর্যায়ক্রমে পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে।

Muktomon/TA