মুক্তমন রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন যোগ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। তবে ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি থাকবে।
এর মধ্যে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।
এর আগে সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। নতুন করে ২২ অক্টোবর ছুটি যুক্ত হওয়ায় ছুটির মেয়াদ এক দিন বাড়ানো হয়েছে। এর বিনিময়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা রাখা হবে।
২০২৬ সালের দুর্গাপূজার সূচি অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
এদিকে, মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিংয়ে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের বিষয়টিও উল্লেখ করা হয়। দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের পাশাপাশি সরকারি ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভা গত ১৬ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছিল।
Muktomon/TA