চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

 চিকিৎসককে মারধরের অভিযোগে নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
চিকিৎসককে মারধরের অভিযোগে নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

মুক্তমন রিপোর্ট : নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। পরে বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন করেন তাঁরা।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে আলট্রাসনোগ্রাফির প্রতিবেদন নিতে আসেন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক নাঈম। প্রতিবেদন দিতে দেরি হওয়ায় তিনি চিৎকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় বিভাগের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাঁকে বাধা দিলে নাঈম ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে নাঈমকে আটক করেন। পরে তাঁকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকেরা দীর্ঘ সময় ধরে মানুষের সেবা দিয়ে আসছেন। দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। একই সঙ্গে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান বক্তারা।

মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে শুধু ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, চিকিৎসককে মারধরের অভিযোগে রোববার এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Muktomon/TA