মুক্তমন রিপোর্ট : মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রত্যাশিত ফল না পাওয়ায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে প্রতিযোগিতায় পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন মাহি। সেখানে তিনি জানান, তাঁকে ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করার লক্ষ্য নিয়েই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি।
মাহি লেখেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন দেশের মানুষের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করতে। প্রতিযোগিতার পুরো সময়ে যাঁরা তাঁকে সমর্থন, ভোট ও শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে মাহি বলেন, দেশবাসী যে বিশ্বাস নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত।
তবে প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত ফল না এলেও পুরো অভিজ্ঞতাকে মূল্যবান মনে করছেন তিনি। মাহির ভাষ্য, সব চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে না আনলেও সেই চেষ্টার গুরুত্ব কমে যায় না। প্রতিযোগিতায় পাওয়া অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসা তাঁর কাছে বড় অর্জন।
পোস্টের শেষাংশে বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্বের জায়গা হিসেবে উল্লেখ করেন মাহি। দেশবাসীর ভালোবাসা সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধি ছিলেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে সেরা ৩০-এর তালিকায় জায়গা না পাওয়ায় সেখানেই থেমে যায় তাঁর যাত্রা।