মুক্তমন রিপোর্ট : ইউরোপের দেশগুলো কখনোই কৌশলগতভাবে রাশিয়াকে পরাজিত করতে পারবে না বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইউরোপের বক্তব্যকে ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর প্রস্তুতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো একদিকে রাশিয়ার হুমকি নিয়ে কথা বলছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। তাঁর দাবি, ইউরোপের দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, রাশিয়াও তাদের সঙ্গে যুদ্ধে যেতে চায় না।
পুতিন আরও বলেন, অতীতে যারা রাশিয়াকে পরাজিত করতে চেয়েছিল, তাদের মতো বর্তমানেও সংশ্লিষ্টরা একসময় বুঝতে পারবেন যে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই ভালো।
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে পুতিন বলেন, রাশিয়া ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। এতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র অংশ নেবে।
এর আগে পুতিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছিলেন, ১০ নভেম্বরের পর আলোচনা পুনরায় শুরু হতে পারে।
পুতিন বলেন, ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজতে রাশিয়া আলোচনার মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবে। ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতিম জাতি’ হিসেবে উল্লেখ করে তিনি রুশ ও ইউক্রেনীয়দের একই জনগোষ্ঠীর অংশ বলেও দাবি করেন।
সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারেরও সমালোচনা করেন পুতিন। তাঁর অভিযোগ, ইউক্রেনের সরকার নিজেদের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে ‘কামানের গোলার খাদ্য’ হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনীয়দের জোর করে ধরে নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুদ্ধ বন্ধের প্রস্তাব এগিয়ে নেওয়া এবং বৃহত্তর আলোচনার পথ তৈরির লক্ষ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে নরওয়ের অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন উইটকফ। তবে এসব বৈঠকের সুনির্দিষ্ট ফলাফল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সূত্র : গালফ নিউজ
Muktomon/TA