মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন

মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ উদ্বোধন করছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম
মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ উদ্বোধন করছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

মুক্তমন রিপোর্ট : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। শনিবার (২৪ অক্টোবর) এসব কাজের উদ্বোধন শেষে তিনি এলাকাবাসীকে সড়কের কাজের মান ও অগ্রগতি তদারকির আহ্বান জানান।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় এলাকাবাসীর অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবি পূরণে সড়কগুলোর কাজ শুরু হয়েছে। এ জন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

আফরোজা খানম বলেন, সড়কগুলোর কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে কি না, তা এলাকাবাসীকে তদারকি করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, “এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না। এলাকাবাসীকে নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকতে হবে এবং কাজের মান বুঝে নিতে হবে।”

উদ্বোধন করা তিনটি সড়ক হলো—তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।

তিন সড়কে ব্যয় ৪ কোটি ৫৮ লাখ টাকার বেশি

তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৭০০ মিটার এবং প্রস্থ ১২ ফুট। সড়কটির উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার বেশি। আগামী ৩০ মে ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়কের এক কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণে ব্যয় হবে ৮৬ লাখ ১৪ হাজার টাকার বেশি। আগামী ২ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে।

অন্যদিকে, গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়কের ১ হাজার ৪৮০ মিটার অংশ সংস্কার করা হবে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ০৫ মিটার। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার বেশি। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনটি সড়কের কাজ উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জের রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকার উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এ জন্য তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে মানিকগঞ্জে তেমন উন্নয়ন হয়নি। সম্পদের সীমাবদ্ধতার কারণে সব কাজ একসঙ্গে করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের প্রয়োজনীয় উন্নয়নকাজের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Muktomon/TA