রাহুলকে ‘ব্যর্থ পণ্য’ বলে কংগ্রেসকে আক্রমণ মোদির

গণমাধ্যম সামিটে বক্তব্য দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গণমাধ্যম সামিটে বক্তব্য দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুক্তমন রিপোর্ট : ভারতের বিরোধী দল কংগ্রেস ও দলটির নেতা রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের আন্দোলন, সংসদে প্রতিবাদ এবং বিদেশে ভারতের ভাবমূর্তি নিয়ে বক্তব্যের সমালোচনা করে রাহুলকে ইঙ্গিত করে ‘ব্যর্থ পণ্য’ বলে কটাক্ষ করেছেন তিনি।

বৃহস্পতিবার এক গণমাধ্যম সামিটে বক্তব্য দিতে গিয়ে মোদি অভিযোগ করেন, কংগ্রেস সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অন্য বিরোধী নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ বাধাগ্রস্ত করছে। ভোটার তালিকা হালনাগাদের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমসহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই তিনি এসব মন্তব্য করেন।

মোদি বলেন, বিশ্ব যখন নতুন বৈশ্বিক ব্যবস্থা ও কাঠামোর সন্ধান করছে, তখন ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। তার অভিযোগ, কংগ্রেসের নেতারা বিদেশে গিয়ে ভারতের সমালোচনা করছেন এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইছেন। এতে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কংগ্রেসের নেতৃত্ব নিয়ে কটাক্ষ করতে গিয়ে মোদি বলেন, দলটি নিজেদের একজন নেতাকে বারবার সামনে আনার চেষ্টা করছে। তার ভাষায়, নিজেদের ‘ব্যর্থ পণ্য’ পুনরায় চালু করার চেষ্টা করতে গিয়ে কংগ্রেস আর কত দিন দেশকে ঝুঁকির মুখে ফেলবে?

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র শ্রীহরিকোটা থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে বিদ্রূপ করেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দলটি তাদের নেতার রাজনৈতিক পুনরুত্থানের চেষ্টা এতবার করেছে, যা বছরে শ্রীহরিকোটা থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের সংখ্যাকেও ছাড়িয়ে যায়।

মোদি আরও অভিযোগ করেন, গান্ধী পরিবার কংগ্রেসের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, দলের জ্যেষ্ঠ নেতারা ব্যক্তিগত আলোচনায় বিষয়টি স্বীকার করলেও প্রকাশ্যে নীরব থাকেন। নিজেদের রাজনৈতিক ব্যর্থতার দায় এড়াতে কংগ্রেস ভারতের সাফল্য ও অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেন তিনি।

সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন মোদি। তার অভিযোগ, কংগ্রেস একজন নির্দিষ্ট নেতাকে আলোচনার কেন্দ্রে রাখতে গিয়ে সংসদের কার্যক্রম ব্যাহত করছে। এতে সরকারের গঠনমূলক সমালোচনা করতে আগ্রহী অন্যান্য বিরোধী সংসদ সদস্য, বিশেষ করে তরুণ নেতারা, নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ হারাচ্ছেন।

মোদি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং ব্যবস্থার সংস্কারের জন্য আন্দোলন গণতন্ত্রের স্বার্থে গুরুত্বপূর্ণ। কিন্তু কংগ্রেসের কর্মকাণ্ডের কারণে এসব উদ্যোগও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন।

কংগ্রেসকে ‘পরজীবী’ দল আখ্যা দিয়ে মোদি অভিযোগ করেন, দলটি ‘নগর নকশাল’ মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। তার দাবি, এর ফলে কংগ্রেসের নিজস্ব চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তব্যের শেষাংশে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যের কথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের স্বপ্ন ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে উদ্ভাবন, উন্নয়ন এবং বৈশ্বিক অগ্রগতিতে ভারতের ভূমিকা আরও বাড়াতে চায় সরকার।

সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Muktomon/TA