রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের কাহারোলে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত আলোকসজ্জা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজারীরা যাতে নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেন এবং দর্শনার্থীরা নিরাপদে মণ্ডপ পরিদর্শন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক মো. শামীম আলী।
সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA