ভারতে মুসলিমদের নিশানা করার অভিযোগ মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের

ভারতে মুসলিমদের নিশানা করার অভিযোগ মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের

ভারতে নাগরিকদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে বিতাড়নের অভিযোগ; দেশটিকে বিশেষ উদ্বেগের দেশ ঘোষণার আহ্বান, প্রত্যাখ্যান নয়াদিল্লির

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘বিদেশি’ আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত করার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব অভিযোগ করেন কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেন, ভারত সরকার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি আখ্যা দিয়ে এবং বিতাড়নের মাধ্যমে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।

কমিশনের আরেক সদস্য জিন মিলস বলেন, মুসলিম পরিচয়ের কারণে নাগরিকদের বিতাড়নের মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি আরও গুরুতর পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।

ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবি

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সম্প্রতি পরিচালিত ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এটিকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা গেছে, এ কার্যক্রমে ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের প্রতি বৈষম্য ও তাঁদের বাদ দেওয়ার নীতি বেড়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত, একাধিকবার নিবন্ধিত এবং অন্যভাবে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিলের সুযোগও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভোটার তালিকা সংশোধনের এ কার্যক্রম অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়নের পৃথক উদ্যোগের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক হয়ে যান না।

ভারতের অভিযোগ প্রত্যাখ্যান

ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এ বিষয়ে নীতিগত সুপারিশ করে ইউএসসিআইআরএফ। এটি যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় কমিশন। তবে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে কমিশন একাধিক সুপারিশ করলেও ওয়াশিংটন সেগুলোর কোনোটিতে পদক্ষেপ নেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইউএসসিআইআরএফের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কমিশনটি পক্ষপাতদুষ্ট এবং এর স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এ ধরনের সংস্থার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ প্রক্রিয়ার মাধ্যমে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন ভোটারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবে উল্লেখ করে এ নিয়ে ওয়াশিংটনের মন্তব্য না করার কথা জানিয়েছিলেন।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনও মোদি সরকারের আমলে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে বলে অভিযোগ করে আসছে। তবে ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। সরকারের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়নসহ বিভিন্ন সরকারি কর্মসূচির সুবিধা সব সম্প্রদায়ের মানুষ পাচ্ছেন।

সূত্র: রয়টার্স