এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন ও বিনিয়োগবান্ধব পরিবেশ জরুরি

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এলডিসি উত্তরণবিষয়ক ছায়া সংসদ।
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এলডিসি উত্তরণবিষয়ক ছায়া সংসদ।

মুক্তমন রিপোর্ট : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশে টেকসই শাসনব্যবস্থা গড়ে তোলা না গেলে সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব হবে না। এ জন্য দক্ষ প্রশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার বারবার পরিবর্তনের কারণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরিতে অতীতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

তৈরি পোশাক খাতের বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির মতো বিষয় রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এ ক্ষেত্রে মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকেরা বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময় তিন বছর বাড়ায় বাংলাদেশ তাৎক্ষণিকভাবে শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি থেকে কিছুটা স্বস্তি পেয়েছে। তবে এ সময় আত্মতুষ্টিতে না থেকে দুর্বলতা কাটিয়ে প্রস্তুতি নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, এলডিসি উত্তরণের পর বড় পোশাক কারখানাগুলো তুলনামূলকভাবে সামাল দিতে পারলেও মাঝারি ও ছোট কারখানাগুলো সংকটে পড়তে পারে। পোশাক খাতে অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও বিদেশি ক্রেতাদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Muktomon/TA