যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান

 গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও সামরিক যান মোতায়েন।
গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও সামরিক যান মোতায়েন।

মুক্তমন রিপোর্ট : যুদ্ধবিরতি চলার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামাসের একটি সুড়ঙ্গ ধ্বংসের লক্ষ্যে শিন বেটের সঙ্গে যৌথভাবে এ অভিযান চালানো হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেছেন। স্থানীয় সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, ওই এলাকায় গোলাবর্ষণ ও গুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তার কারণে অনেক বাসিন্দা এলাকা ছেড়ে গেছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বুধবার ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তবে এসব হামলার সঙ্গে স্থল অভিযানের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী প্রথম দুটি হামলায় নিজেদের লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে নতুন অভিযানকে কেন্দ্র করে আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন গাজার বাসিন্দারা। বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এএফপিকে জানান, অভিযান তখনো চলছিল।

সূত্র : এএফপি ও এনডিটিভি

Muktomon/TA