রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, মানবাধিকার সুরক্ষা ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল সমর্থনে গৃহীত হয়েছে। বুধবারের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১২৮টি দেশ ভোট দেয়। বিপক্ষে ছিল ৬টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।
ভোটের আগে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, প্রায় এক দশক পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী নানা সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
গৃহীত প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার অভিযোগ তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, পর্যাপ্ত মানবিক সহায়তা এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিশ্চিত করতে হবে। তিনি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার গুরুত্বও তুলে ধরেন।
এদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সংক্রান্ত বিষয় থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানালেও মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত থাকার কথা জানায়। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে দেশটি।
১২৮টি দেশের সমর্থনে প্রস্তাবটি গৃহীত হওয়াকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সমর্থনের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
Muktomon/TA