দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

 ইমেজ অল্ট টেক্সট: দিনাজপুরের বীরগঞ্জের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গাপূজা উপলক্ষে সাজানো হচ্ছে পূজামণ্ডপ
ইমেজ অল্ট টেক্সট: দিনাজপুরের বীরগঞ্জের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গাপূজা উপলক্ষে সাজানো হচ্ছে পূজামণ্ডপ

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। পূজাকে বরণ করে নিতে মণ্ডপজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের অপেক্ষায় রয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

মণ্ডপের ভেতরে ককশিট দিয়ে তৈরি করা হচ্ছে দেব-দেবীর প্রতিকৃতি। পাশাপাশি চলছে দৃষ্টিনন্দন কারুকার্য, শৈল্পিক নকশা ও বর্ণিল সাজসজ্জার কাজ। নিপুণ শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে ধর্মীয় ঐতিহ্য ও পৌরাণিক কাহিনিনির্ভর বিভিন্ন চিত্র।

বিশেষ করে শিশু ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে মণ্ডপের বিভিন্ন স্থানে সাজানো হচ্ছে নান্দনিক শিল্পকর্ম। ককশিটের সূক্ষ্ম কারুকার্য, রং ও সৃজনশীল সাজসজ্জায় মণ্ডপটিকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি আনন্দমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা।

এ উপলক্ষে কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক এবং সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সেন সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে পূজামণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ দুর্গোৎসবে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA