মুক্তমন রিপোর্ট : বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ৬৬৫ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে সিনেমাটির। তিন বছর পর বড় পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই এর স্বত্ব বিক্রিতে বড় অঙ্কের অর্থ এসেছে।
সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পরিবেশনার স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। ভারতের বাইরে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। প্রতিষ্ঠানটি এ জন্য ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে সিনেমাটির ওটিটি স্বত্ব কিনেছে বলে খবর প্রকাশিত হয়েছে। স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে। সব মিলিয়ে এসব স্বত্ব বিক্রি থেকে ‘কিং’-এর সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি।
তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে বিশেষ শর্ত রয়েছে। সিনেমাটির প্রেক্ষাগৃহে ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, বক্স অফিসে সিনেমাটির পারফরম্যান্স অনুযায়ী এই চুক্তির অঙ্ক বাড়তে বা কমতে পারে।
অন্যদিকে, সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে। শুরুতে বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। পরে পরিকল্পনায় পরিবর্তন আসায় নির্মাণব্যয় বেড়ে প্রায় ৪০০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। শাহরুখের পারিশ্রমিক যুক্ত করলে মোট ব্যয় প্রায় ৫০০ কোটি রুপি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার সাফল্যের পর আবারও তাঁর সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। ‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও ববি দেওলসহ একাধিক তারকা।
Muktomon/TA