সাতক্ষীরা সীমান্তে সতর্কতামূলক গুলি, মানব পাচারে গ্রেপ্তার ৮

সাতক্ষীরা সীমান্তে বিজিবির নিরাপত্তা ও টহল কার্যক্রম।
সাতক্ষীরা সীমান্তে বিজিবির নিরাপত্তা ও টহল কার্যক্রম।

মুক্তমন রিপোর্ট : সাতক্ষীরা সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।

সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি দেখতে পায় বিজিবির আভিযানিক দল। এ সময় কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে।

বিজিবি জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ কিলোমিটার এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। এ জন্য জনবল বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। 

এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ গমনাগমন ও অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধিও সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন বিওপিসহ সব জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Muktomon/TA