মুক্তমন রিপোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘মুসলিম এইড ইউকে’ আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দণ্ডিত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে আগে যা বলা হয়েছে, সেটিই সরকারের অবস্থান।
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, বৈঠকে মূলত দুই দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে।এর আগে অনুষ্ঠানে প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি ও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
দক্ষতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না ,অর্জিত দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই আয়ের সুযোগে রূপান্তর করতে হবে। প্রশিক্ষণের বিষয়বস্তু দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগকর্তা ও বেসরকারি খাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন বলেও জানান।
হুমায়ুন কবীর বলেন, বিশেষ করে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজস্ব ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে।মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA