অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চান রিজভী

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী।
অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী।

মুক্তমন রিপোর্ট : ৫৪টি অভিন্ন নদীর পানি একের পর এক আটকে রেখে বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সকল অভিন্ন নদীর প্রবাহের ন্যায্য অধিকার কায়েমের দাবিতে’ আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি) এ কর্মসূচির আয়োজন করে। রিজভী বলেন, পানির অভাবে তিস্তা নদী মরুভূমিতে পরিণত হয়েছে। অন্যদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেন। কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ৫৫-৫৬ বছর ধরে আলোচনা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তাই পানির ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদ আরও জোরালো করতে হবে।

১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির সমালোচনা করে রিজভী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম ৮০ শতাংশ পানি পাওয়ার নিশ্চয়তা ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে সেই নিশ্চয়তার ধারা বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে ভারতের প্রকৌশলী কপিল ভট্টাচার্যের সতর্কবার্তার কথাও উল্লেখ করেন রিজভী। তাঁর ভাষ্য, গঙ্গার প্রবাহ সরে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঝুঁকির মুখে পড়েছে।

মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

Muktomon/TA