মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) রাজধানী সানায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।
সংবাদমাধ্যম দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর সরকারি বাহিনীর এসব যোদ্ধাকে আটক করেছিল হুথিরা। কোনো ধরনের বন্দি বিনিময় ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে।
সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আব্দেলকাদের আল-মুর্তাদা বলেছেন, কোনো বিনিময় ছাড়াই এতসংখ্যক বন্দিকে মুক্তি দেওয়ার ঘটনা এটিই সবচেয়ে বড়।
তিনি আরও দাবি করেন, এর আগে মানবিক বিবেচনায় ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ইয়েমেন সরকার হুথিদের যোদ্ধাদের মুক্তি দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
মুক্তির আগে রেডক্রসের প্রতিনিধিরা ৬০০ বন্দির প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই বছর রাজধানী সানাসহ দেশটির বড় অংশের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সংঘাতে হস্তক্ষেপ করে। দীর্ঘ সাত বছর বিমান হামলার পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়।
তবে চলতি বছরের জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। এতে দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : দ্য নিউ আরব
Muktomon/TA