মুক্তমন রিপোর্ট : সাফের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানকে ইতিহাস গড়ানোর প্রত্যয় জানিয়েছেন দলটির কোচ নোলবার্তো সোলানো। সাবেক পেরুভিয়ান ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থের বিশ্বাস, খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জেতা সম্ভব।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ ও অধিনায়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একপর্যায়ে সোলানোর কাছে ম্যারাডোনার সঙ্গে খেলার অভিজ্ঞতা জানতে চান এক সাংবাদিক। বোকা জুনিয়র্সে আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে কাটানো সময়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
সোলানো বলেন, ১৫ বছর বয়সে তাঁর স্বপ্ন ছিল পেরুর জাতীয় দলে খেলা এবং মাঠে ম্যারাডোনাকে দেখার সুযোগ পাওয়া। পরে বোকা জুনিয়র্সে তাঁর সতীর্থ হওয়ার সুযোগ পান। এবার পাকিস্তানকে সাফল্য এনে দিতে চান সোলানো। তিনি বলেন, আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। ছেলেদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। আশা করি আমরা সফল হব।’
গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। সোলানোর মতে, ওই ম্যাচের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি তাঁর দল। ফাইনালে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার আশাবাদ জানিয়ে তিনি বলেন, ভারতের প্রতি পাকিস্তানের যথেষ্ট সম্মান রয়েছে। গত ১০ থেকে ১৫ বছরে ভারতীয় ফুটবলের উন্নতিও স্বীকার করেন তিনি।
আগের ম্যাচে নিজেদের মনোযোগের ঘাটতি ও ধীরগতির কথা উল্লেখ করে সোলানো জানান, দ্বিতীয়ার্ধে পাকিস্তান ভালো খেললেও ম্যাচে ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি। এবার দলে আরও কয়েকজন খেলোয়াড় যুক্ত হওয়ায় পূর্ণ দল পাওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে কঠিন ম্যাচ খেলার পর মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফাইনালে নামতে হচ্ছে পাকিস্তানকে। ক্লান্তি নিয়ে প্রশ্ন করা হলে সোলানো বলেন, ফাইনালে খেলতে নামলে ক্লান্তির কথা ভাবলে চলবে না। সূচি অনুযায়ী কেউ বিশ্রাম পেয়েছে, কেউ পায়নি। তবে শিরোপার জন্য দলকে সর্বোচ্চটা দিতে হবে। কোনো অজুহাত নয়, তারা প্রস্তুত।
পাকিস্তানে ক্রিকেট, স্কোয়াশ ও হকির জনপ্রিয়তার কথা উল্লেখ করে সোলানো বলেন, দেশটিতে ফুটবলের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। তরুণ খেলোয়াড়দের ভালো ফল এনে দেওয়ার মাধ্যমে ফুটবল নিয়ে মানুষের আশাবাদ বাড়াতে চান তিনি।
Muktomon/TA