মুক্তমন রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারের শুরুতেই ধারাবাহিক সাফল্য পাওয়া এই ব্যাটার জানিয়েছেন, নিজের খেলার ধরন ও প্রক্রিয়ায় মনোযোগ রাখাই তাঁর ভালো করার মূল কারণ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ডে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পচেফস্ট্রুমে খেলা ৩৫০ রানের ইনিংসটি আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান হৃদয়। তাঁর ভাষ্য, যেকোনো জায়গায় রান করলেই আত্মবিশ্বাস বাড়ে। সেই আত্মবিশ্বাস ধরে রেখে নিজের ব্যাটিংয়ের ধরন ও প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের সবশেষ তিন ইনিংসে হৃদয়ের রান যথাক্রমে ২৪২, ৮২ ও ১৩৭। দলের প্রয়োজনের মুহূর্তে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ওয়ান্ডারার্সেও প্রথম দিন দুই সেশনের মধ্যে কাগিসো রাবাদা পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিলেন। সেখান থেকে লিটন দাসের সঙ্গে ২০৬ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান হৃদয়।
দলের দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামার বিষয়ে হৃদয় বলেন, একজন পেশাদার খেলোয়াড় ও মিডল-অর্ডার ব্যাটার হিসেবে তাঁকে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই পরিস্থিতি বুঝে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। নিজের ওপর আস্থা রাখা এবং দলের জন্য অবদান রাখার চেষ্টা করেন বলেও জানান এই ব্যাটার।
Muktomon/TA