মুক্তমন রিপোর্ট : দিলারা আক্তারের টানা দ্বিতীয় ফিফটিও কাজে আসেনি। আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে সুপার সিক্সে ওঠার পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে সোবহানা মোশতারির দল। জবাবে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় নেদারল্যান্ডস।
পাঁচ দলের গ্রুপে তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে বাংলাদেশ। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে জায়গা পাবে। ফলে পরের পর্বে উঠতে বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতেই হবে বাংলাদেশকে। তবে শুধু জয় পেলেই নিশ্চিত হবে না সুপার সিক্স; অন্য ম্যাচগুলোর ফলের ওপরও নির্ভর করতে হবে।
বাংলাদেশের ইনিংসে এক প্রান্ত আগলে রেখে ৪৬ বলে ৫১ রান করেন ওপেনার দিলারা আক্তার। অন্য প্রান্তে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে জ্যোতির ব্যাট থেকে। স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার করেন ১৯ রান করে।
নেদারল্যান্ডসের হয়ে অফ স্পিনার হিদার সিগার্স ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। পেসার হান্নাহ ল্যান্ডহির শিকার ২ উইকেট।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪তম ওভারে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। তখন জয়ের সম্ভাবনা দেখছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্টেরে কালিস। ৫০ বলে অপরাজিত ৬৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
ষষ্ঠ উইকেটে ফ্রেডেরিক ওভারডিকের সঙ্গে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কালিস। ওভারডিক অপরাজিত থাকেন ১২ রানে। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা।
বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ২২ রান দিয়ে ২ উইকেট নেন। সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি একটি করে উইকেট পান।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। পাকিস্তানের সঙ্গে সমান পয়েন্ট তাদের।
আগামী ২০, ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপার সিক্সের ম্যাচগুলো। এ পর্বে উত্তীর্ণ প্রতিটি দল অপর গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলবে। সুপার সিক্স শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ২৫ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
Muktomon/TA