মুক্তমন রিপোর্ট : ফেনীর প্রবীণ আয়কর আইনজীবী, লেখক ও স্বভাব কবি কাজী গোলাম মাইন উদ্-দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১০টা ৪৭ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, দুই ভাই, তিন বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পাঁচ সন্তানের মধ্যে রয়েছেন কাজী নওফেল, কণা, লুবনা, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সাংবাদিক তানভীর আলাদিন এবং অ্যাডভোকেট কাজী ফয়সাল। প্রায় এক দশক আগে তাঁর স্ত্রী সাকিনা আহমেদ চৌধুরাণী মারা যান।
শনিবার (৩ অক্টোবর) বাদ ফজর ঢাকার আফতাবনগরের এইচ ব্লকের বায়তুস সালাহ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর ফেনীর মাথিয়ারা কাজী বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা জানানো হয়।
কর্মজীবন ও সামাজিক অবদান
১৯৩২ সালের ৯ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন কাজী গোলাম মাইন উদ্-দীন। তাঁর বাবা কাজী আলী নোয়াজ ছিলেন তৎকালীন ভারতবর্ষের পরিচিত কাজী কেমিক্যাল ওয়ার্কসের স্বত্বাধিকারী। মায়ের নাম জায়েদা খাতুন। সাত ভাই ও সাত বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
১৯৫০ সালে ফেনী হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। পরে ফেনী কলেজ থেকে আইকম ও বিকম সম্পন্ন করে পৈতৃক ব্যবসা পরিচালনা করেন। ১৯৬১ সালে ব্যবসার পাশাপাশি আয়কর উপদেষ্টা হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিকবার ফেনী জেলা কর আইনজীবী সমিতির সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া লায়ন্স ক্লাব ফেনীর সাবেক সাধারণ সম্পাদক, ফেনী 'ল' কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ছিলেন। মাথিয়ারা জামে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
লেখালেখি ও ভ্রমণ
পেশাগত জীবনের পাশাপাশি লেখালেখি ও ভ্রমণের প্রতি আগ্রহ ছিল কাজী গোলাম মাইন উদ্-দীনের। ১৯৫৯ সালে তিনি কুমিল্লার পয়ালগাছা চৌধুরী বাড়ির মহীউদ্দিন আহমদের বড় মেয়ে সাকিনা আহমেদ চৌধুরাণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ভ্রমণপিপাসু এই লেখক বাংলাদেশের প্রায় সব জেলা ঘুরে দেখেছেন। এ ছাড়া তিনবার ভারতের আজমীর শরিফ জিয়ারত, দুবার হজ পালন করতে সৌদি আরব এবং একবার যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘ডাক্তারের ঘোড়ার ডাক , তাসের ঘরে মাধবীলতা , খাজু উকিলের ডায়েরি ও ইউরেকা আমার আমেরিকা।
Muktomon/TA