শিহাব উদ্দিন : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানিয়েছে, জুয়েল রানা কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে কাশিয়ানী উপজেলার জোনাসুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দতালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জুয়েল রানার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মামলার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Muktomon/TA