মুক্তমন রিপোর্ট : রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সালমান মুক্তাদিরের অভিযোগ, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলেও তিনি অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে বিএনপির কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার সময় সালমান ঢাকার বাইরে ছিলেন। খবর পেয়ে তিনি রাজধানীতে ফিরে স্টুডিও পরিদর্শন করেন এবং ফেসবুক লাইভে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা স্টুডিওটি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল স্টুডিওতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। তার দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল।
ওই কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্টুডিওর কর্মকর্তা-কর্মচারীরা টয়লেটে আশ্রয় নেন। পরে হামলাকারীরা সেখানে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী নিয়ে যায়। স্টুডিওর ক্যামেরা, লাইট, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জামও লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে হামলার ঘটনায় স্টুডিওতে থাকা কোনো কর্মকর্তা বা কর্মচারী শারীরিকভাবে আহত হননি বলে জানা গেছে।
সালমান মুক্তাদির জানান, স্টুডিওতে প্রায় ৩০ থেকে ৪০টি ক্লায়েন্টের শুটিং-সংক্রান্ত ফুটেজ, সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষিত ছিল। এসব ক্ষতিগ্রস্ত বা নিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানাতে পারেননি।
স্টুডিওর ধ্বংসস্তূপ দেখিয়ে ফেসবুক লাইভে সালমান বলেন, এটি শুধু একটি স্টুডিও নয়, বরং অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও সৃজনশীল কাজের একটি কেন্দ্র। হামলার পরও তিনি নতুন করে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে হামলাকারীদের পরিচয়, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এবং ঘটনার কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্যও নিশ্চিত করেনি।
Muktomon/TA