মুক্তমন রিপোর্ট : রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে শাহ আলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। একই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া মালামালের দুই ট্রাকও উদ্ধার করা হয়েছে।
এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি জানান, রাড্ডার কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনা প্রতিরোধে পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তাই ঘটনাটি ঠেকাতে পুলিশের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।
Muktomon/TA